সংবাদ News

চিকিৎসাক্ষেত্রে নানা ভুল তথ্য দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা: Artificial Intelligence Is Providing Various Misinformation in the Medical Field

এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বর্তমান জীবনযাত্রায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে। স্বাস্থ্য-ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আমরা অনেকেই এ আই এর উপর নির্ভর করি। কিন্তু সমস্যা হল, এ আই প্রায় অর্ধেক সময় ভুল পরামর্শ দেয়। আর এই পরামর্শ মেনে চললে আমাদের বড় ধরনের বিপদ হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন এব্যাপারে সচেতন করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রতিবেদনের বিষয় হল “স্বাস্থ্য পরামর্শে ভুল তথ্য দিচ্ছে এ আই

হঠাৎ যদি আমরা কেউ অসুস্থ হই, স্বাভাবিকভাবেই আমরা দ্রুত অসুস্থতার বিষয় জানতে চাই। এক্ষেত্রে আমরা অনেকেই ডাক্তার দেখানোর আগে এ আই চ্যাট-বট গুলির উপর ভরসা করি। কয়েক সেকেন্ডের মধ্যেই এ আই গুলি সুন্দরভাবে সাজানো গোছানো উত্তর দেয় এবং উত্তরগুলি দেখে আমাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয়। কিন্তু সমস্যা হল, এই তথ্যের একটা বড় অংশ ভুল বা ভিত্তিহীন হতে পারে, আর আমরা সেটা বুঝতেও পারি না।

সম্প্রতি সাতজনের একটি গবেষক দল জনপ্রিয় পাঁচটি এ আই চ্যাট-বটকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে পরীক্ষা করেন। সাধারণ স্বাস্থ্য, খেলাধুলা, পুষ্টি, বিভিন্ন রোগ, ক্যান্সার, স্টেমসেল ইত্যাদি বিষয়ে প্রায় 250 টি প্রশ্ন করা হয়। ফলাফল কিন্তু মোটেই ভালো নয়, বেশ উদ্বেগ জনক। প্রায় 20% উত্তর ছিল সম্পূর্ণ ভুল, অর্ধেক অর্থাৎ 50% উত্তর অসম্পূর্ণ, আর মাত্র 30% মোটামুটি গ্রহণযোগ্য। 

এ আই চ্যাট-বটগুলি আত্মবিশ্বাসের সাথে এমন সব তথ্যসূত্র বা রেফারেন্স দিয়েছে, যা বাস্তবে নেই। লেখক এর নাম ভুল, অকার্যকর লিংক, এমনকি সম্পূর্ণ ভুল গবেষণা পত্রের রেফারেন্স দিয়েছে। এটা বেশ চিন্তার বিষয়। অথচ সাধারণ মানুষের কাছে এগুলো খুবই বিশ্বাসযোগ্য বলে মনে হয়।

যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দেওয়া হয়, সেই সব ক্ষেত্রে ভুল কম হয়েছে। কিন্তু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন এমন প্রশ্নগুলির উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুলের হার অনেক বেশি। বাস্তবে ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে আমরা এমন ধরনের বিস্তারিত তথ্য জানতে চাই। বিশেষ করে কোন সাপ্লিমেন্ট ভালো বা কোন চিকিৎসা পদ্ধতি ভালো ইত্যাদি আমরা বেশি জানতে চাই, আর এগুলির ক্ষেত্রেই ভুল বেশি হয়েছে।

এ আই এর উত্তর ভুল হওয়ার কারণ হল, এ আই আসলে নিজে কিছু জানে না। এটি এমন একটি সিস্টেম যা বিভিন্ন উৎস থেকে শেখা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য শব্দ সাজিয়ে উত্তর তৈরি করে। তথ্যের উৎসগুলি নির্ভরযোগ্য গবেষণা থেকে প্রাপ্ত হতে পারে আবার অনেক সময় সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্যও হতে পারে। সঠিক তথ্য ও ভুল তথ্যের মধ্যে, সঠিক তথ্য খুঁজে নিতে না পারলে এ আই দ্বারা দেওয়া পরামর্শ ভুল হয়।

তবে এ আই স্বাস্থ্য-ক্ষেত্রে পুরোপুরি অকেজো এটা বলা যায় না। গবেষণায় দেখা গিয়েছে যে সঠিকভাবে প্রশ্ন করলে ও পর্যাপ্ত তথ্য দিলে এ আই বেশ ভালো ফল দিতে পারে। কিন্তু সাধারণ ব্যবহারকারীরা সেভাবে প্রশ্ন করতে পারেন না, ফলে ভুলের সম্ভাবনা বৃদ্ধি পায়।

সবমিলিয়ে একটা কথা বলা যেতে পারে যে, এই চ্যাট-বটগুলি আমাদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে পারে, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়। স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

anandabazar, pneumon, reuters etc.