Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রারোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

T 3 টেস্ট (ফ্রি এবং টোটাল): T3 Test (Free & Total)

আমাদের গলার কাছে থাইরয়েড নামক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হরমোন হল ট্রাইআয়োডোথাইরোনিন, যাকে সংক্ষেপে T3 বলা হয়। ট্রাইআয়োডোথাইরোনিন কিভাবে আমাদের শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এই হরমোনের নরমাল লেভেল কত, ইত্যাদি জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।

থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত প্রধান হরমোন দুটি হল T3 অর্থৎ ট্রাইআয়োডোথাইরোনিন এবং T4 অর্থৎ থাইরক্সিন। এই হরমোন দুটি আমাদের দেহের কার্যকলাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। শরীরের তাপমাত্রা, বিপাক ও হার্ট-বিট নিয়ন্ত্রণ করে।

T3 এবং T4 হরমোন প্রধানত প্রোটিনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে। অল্প পরিমাণ হরমোন মুক্ত অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকা হরমোনগুলি শারীরিক কার্যকলাপ নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা নেয়। একারণে T3 এবং T4 পরিমাপ করার সময় টোটাল বা মোট হরমোনের পরিমাণ এবং ফ্রি বা মুক্ত হরমোনের পরিমাণ আলাদা আলাদা ভাবে পরিমাপ করা হয়।

আপনার ডাক্তারবাবু থাইরয়েড গ্রন্থি কেমন কাজ করছে সেটা জানার জন্য এই টেস্ট করতে দিতে পারেন। থাইরয়েড গ্রন্থি রোগগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা থাকলে বা থাইরয়েড গ্রন্থি রোগগ্রস্ত হওয়ার কোন লক্ষণ দেখা গেলে T3 টেস্ট করা প্রয়োজন। থাইরয়েড গ্রন্থির অল্প সক্রিয়তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয় এবং অতি সক্রিয়তাকে হাইপারথাইরডিজম বলা হয়। হাইপোথাইরয়ডিজম বা হাইপারথাইরয়ডিজম এর কোন লক্ষণ দেখা গেলে T3 টেস্ট করতে দেওয়া হয়। এছাড়া পিটুইটারি গ্রন্থি অল্প সক্রিয় হলে, TSH অর্থৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম ক্ষরিত হয় এবং থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ হ্রাস পায়। একারণে হাইপোপিটুইটারিজম হলেও T3 টেস্ট করতে দেওয়া হয়।

থাইরয়েড ডিজঅডার বা থাইরয়েডের সমস্যা হলে যে সকল লক্ষণগুলি দেখা যায় সেগুলির মধ্যে প্রধান হল- দুশ্চিন্তা বা অ্যাংজাইটি, শারীরিক সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, মহিলাদের অনিয়মিত পিরিয়ড ইত্যাদি।

এছাড়া অন্যান্য যে সকল লক্ষণ গুলি দেখা যায় সেগুলি হল- দুর্বলতা, ক্লান্তি, ঘুমের সমস্যা, শীত ও তাপ সহ্য করতে না পারা, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, শুকনো ত্বক, চোখের চারপাশ ফুলে যাওয়া, চুল পড়া, হার্ট-বিট বেড়ে যাওয়া ইত্যাদি।

যে সকল ব্যক্তি থাইরয়েডের চিকিৎসা করাচ্ছেন, তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে T3 টেস্ট করতে দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত T3, T4 ও TSH একসাথে টেস্ট করতে দেওয়া হয়।

T3 পরীক্ষার আগে তেমন কোনও প্রস্তুতির প্রয়োজন পড়ে না। খালি পেটে বা ভর্তি পেটে T3 টেস্ট করার জন্য রক্তের নমুনা যাওয়া যায়। বিশেষ কিছু ওষুধ যেমন মাল্টি-ভিটামিন, হেলথ সাপ্লিমেন্ট ইত্যাদি T3 পরীক্ষার ফলাফল কে প্রভাবিত করতে পারে, সেকারণে কী কী ওষুধ সেবন করছেন,সেটা ল্যাবরেটরিতে এবং আপনার ডাক্তার বাবুকে জানান। তীব্রভাবে অসুস্থ রোগীদের T3 টেস্ট না করাই ভালো, বিশেষকরে হাসপাতালে ভর্তি রোগীদের একেবারেই টেস্ট করা উচিত নয়। প্রয়োজনে সুস্থ হওয়ার পর টেস্ট করতে হবে। যারা থাইরয়েডের চিকিৎসা করার জন্য ওষুধ খাচ্ছেন, তারা ওষুধ খাওয়ার আগে রক্তের নমুনা দিন, তারপর ওষুধ খান। যারা জন্ম নিয়ন্ত্রণের পিল খাচ্ছেন বা এন্ড্রোজেন, ইস্ট্রোজেন ইত্যাদি হরমোন গ্রহণ করছেন, তারা T3 পরীক্ষার আগে এই সকল ওষুধ বন্ধ রাখুন।

সাধারণত হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়। প্রথমে বাহুতে একটি রাবার ব্যান্ড বাধা হয়, এরপর যে স্থান থেকে রক্ত সংগ্রহ করা হবে সেই স্থানটি জীবাণুমুক্ত করে সিরিঞ্জের সাহায্যে রক্ত সংগ্রহ করা হয়। আঙ্গুলে সূচি-বিদ্ধ করেও রক্ত সংগ্রহ করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে গোড়ালিতে সূচ-বিদ্ধ করে রক্ত সংগ্রহ করা হয়। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনও বিপদের সম্ভাবনা নেই। সূচ বিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে, কখনও কখনও হেমাটোমা হতে পারে।

পূর্ণবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে টোটাল T3 নরমাল লেভেল হল,

75 – 195 ন্যানোগ্রাম/ডেসিলিটার।

শিশুদের ক্ষেত্রে টোটাল T3 নরমাল লেভেল হল,

125 – 250 ন্যানোগ্রাম/ডেসিলিটার।

শিশু ও পূর্ণবয়স্ক উভয়ের ক্ষেত্রে ফ্রি T3 নরমাল লেভেল হল,

0.2 – 0.5  ন্যানোগ্রাম/ডেসিলিটার।

বয়সও লিঙ্গ অনুসারে এবং শারীরিক অবস্থার উপর T3-র মাত্রা পরিবর্তনশীল। গর্ভবতী মায়েদের T3 সামান্য বেশি থাকে।

থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ বেশ জটিল, সেকারণে কেবলমাত্র T3 পরীক্ষার ফলাফল দেখে কোনও নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তবে T3 পরীক্ষার ফলাফল দেখে থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা অবশ্যই পাওয়া যায়। অবশ্য পরিষ্কার ধারণা পেতে T3, T4 ও TSH একসাথে টেস্ট করা প্রয়োজন।

উচ্চমাত্রায় T3 দেখা যায়; গ্রেভস ডিজিজ বা গ্রেভস বর্ণিত রোগে, থাইরয়েড গ্রন্থি অতি সক্রিয় হলে, টক্সিক নডুলার গায়টার নামক রোগে। রক্তে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পেলে T3 মাত্রা বেশি হয়। থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার হলেও T3-র মাত্রা বেশি হয়, তবে এটা খুব কম দেখা যায়।

গর্ভবতী মায়েদের স্বাভাবিকভাবেই T3-র মাত্রা সামান্য বেশি হয়। এছাড়া লিভার রোগাক্রান্ত হলেও T3-র মাত্রা বেশি হয়।

T3 মাত্রা কম হতে পারে, থাইরয়েড গ্রন্থি অল্প সক্রিয় হলে, অপুষ্টিতে ভুগলে বা বেশি দিন অনাহারে থাকলে। টানা বেশ কিছুদিন অসুস্থ থাকলেও T3 মাত্রা কম হয়।

MedilinePlus, Cleveland Clinic, WebMD etc.