T3 (থাইরয়েড) টেস্ট? রিপোর্ট দেখার আগে এটি জানুন! T3 (Thyroid) Test? Know This Before Checking The Report!
হঠাৎ করেই কি ক্লান্ত বোধ করছেন? অল্পতেই রেগে যাচ্ছেন, নাকি চুল পড়ার সমস্যায় ভুগছেন? এই সবকিছুর পেছনে কিন্তু দায়ী থাকতে পারে আপনার গলার কাছে থাকা ছোট্ট একটি গ্রন্থি—যার নাম থাইরয়েড গ্রন্থি। আমাদের শরীরের ওজন, শক্তি, হার্টের গতি, এমনকি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের পিছনেও এই ছোট্ট গ্রন্থিটির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর এই থাইরয়েডে গ্রন্থির স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেতে রক্তের T3 টেস্ট করার প্রয়োজন পড়ে।
এই প্রতিবেদনে আমরা একদম সহজ ভাষায় জানবো—T3 টেস্ট কী, ফ্রি এবং টোটাল T3-র মধ্যে পার্থক্য কী, কেন এই টেস্ট করার প্রয়োজন হয়? T3 বেশি বা কম হলে তার অর্থ কী, সেটাও জেনে নেব। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকুন, কারণ থাইরয়েড নিয়ে আপনার সব কনফিউশন আজ দূর হতে চলেছে!
T3 হরমোন কী? What is the T3 hormone?
আমাদের গলার কাছে প্রজাপতির মতো দেখতে যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেখান থেকে প্রধানত দুটি হরমোন বের হয়—T3 (ট্রাইআয়োডোথাইরোনিন) এবং T4 (থাইরক্সিন)।
এই দুটি হরমোন আমাদের শরীরের বিপাক ক্রিয়া অর্থাৎ মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। এছাড়াও শরীরের তাপমাত্রা, শক্তি উৎপাদন, হৃৎস্পন্দন এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজ স্বাভাবিক রাখতে সাহায্য করে।
এখন প্রশ্ন হল, ল্যাব রিপোর্টে টোটাল T3 আর ফ্রি T3 আলাদা করে কেন লেখা থাকে?
আমাদের রক্তে থাকা বেশিরভাগ T3 হরমোনই প্রোটিনের সাথে আবদ্ধ অবস্থায় থাকে। প্রোটিনসহ সম্পূর্ণ হরমোনের পরিমাণকে টোটাল T3 বলা হয়।
আর খুব অল্প পরিমাণ T3 হরমোন রক্তে একদম মুক্ত বা স্বাধীন অবস্থায় থাকে,এদের ফ্রি T3 বলা হয়। এই ফ্রি T3 হরমোনই শরীরের কোষগুলিতে সরাসরি কাজ করে এবং শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। একারণে টোটাল T3 অপেক্ষা ফ্রি T3 -র মাত্রা বেশি গুরুত্বপূর্ণ।
কেন T3 টেস্ট করা হয়? Why is the T3 test performed?
প্রধানত দুটি কারণে আপনার চিকিৎসক এই টেস্ট করতে দিতে পারেন। হাইপারথাইরয়েডিজম হলে অর্থাৎ থাইরয়েড গ্রন্থি যদি প্রয়োজনের চেয়ে বেশি কাজ করে এবং হাইপোথাইরয়েডিজম হলে অর্থাৎ থাইরয়েড গ্রন্থি যদি কম কাজ করে। এছাড়াও পিটুইটারি গ্রন্থি রোগাক্রান্ত হলে যেমন হাইপোপিটুইটারিজম হলেও এই টেস্ট করতে দেওয়া হয়।
যে সকল ব্যক্তি থাইরয়েডের চিকিৎসা করাচ্ছেন, তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে T3 টেস্ট করতে দেওয়া হয়। এক্ষেত্রে সাধারণত T3, T4 ও TSH একসাথে টেস্ট করতে দেয়া হয়।
থাইরয়েড রোগের লক্ষণ: Symptoms of thyroid disease:
থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত হলে অতিরিক্ত দুশ্চিন্তা বা অ্যাংজাইটি,মহিলাদের অনিয়মিত পিরিয়ড, দুর্বলতা ও ক্লান্তি, ঘুমের সমস্যা ইত্যাদি রোগ-লক্ষণ দেখা যায়। এছাড়া হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, অতিরিক্ত চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, হার্ট-বিট বা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যাও দেখা যেতে পারে।
T3 টেস্টের প্রস্তুতি: Preparation for the T3 test:
ভালো খবর হল, T3 টেস্টের জন্য খালি পেটে থাকার বাধ্যবাধকতা নেই। আপনি ভরা পেটেও রক্ত দিতে পারেন। তবে কিছু গোল্ডেন রুলস মনে রাখুন,
💊 ওষুধের তালিকা:
আপনি যদি কোনো মাল্টি-ভিটামিন বা হেলথ সাপ্লিমেন্ট খান, তবে তা ল্যাবরেটরি ও আপনার চিকিৎসককে জানান।
🛑 হরমোন পিল:
জন্ম নিয়ন্ত্রণের পিল বা অ্যান্ড্রোজেন বা ইস্ট্রোজেন ইত্যাদি হরমোন জাতীয় ওষুধ খেলে রক্ত দেওয়ার আগে তা বন্ধ রাখুন।
🏥 অসুস্থতা:
তীব্র অসুস্থ অবস্থায় বা হাসপাতালে ভর্তি থাকাকালীন এই টেস্ট না করাই ভালো। সুস্থ হওয়ার পর টেস্ট করাবেন।
💉 থাইরয়েডের ওষুধ:
যারা অলরেডি থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, তারা সকালে ওষুধ খাওয়ার আগে রক্তের নমুনা দিন, তারপর ওষুধ খান।
কিভাবে রক্তের নমুনা সংগ্রহ করা হয়? How is the sample collected for testing T3?
রক্ত সংগ্রহ করাটা তেমন জটিল কিছু নয়। সাধারণত হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয়। প্রথমে বাহুতে একটি রাবার ব্যান্ড বাধা হয়, এরপর যে স্থান থেকে রক্ত সংগ্রহ করা হবে সেই স্থানটি জীবাণুমুক্ত করে সিরিঞ্জের সাহায্যে রক্ত সংগ্রহ করা হয়।
বাচ্চাদের ক্ষেত্রে পায়ের গোড়ালিতে সূচ বিদ্ধ করে রক্ত নেওয়া যেতে পারে। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনও বিপদের সম্ভাবনা নেই। সূচ বিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে, কখনও কখনও হেমাটোমা হতে পারে।
T3 হরমোনের স্বাভাবিক মাত্রা বা নরমাল লেভেল: Normal levels of T3 hormone:
ল্যাব-ভেদে নরমাল রেঞ্জ সামান্য এদিক-ওদিক হতে পারে, তাই রিপোর্টে লেখা নরমাল লেভেল মেনে চলা উচিত।
পূর্ণবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে টোটাল T3-র নরমাল লেভেল হল,
75 – 195 ন্যানোগ্রাম/ডেসিলিটার।
শিশুদের ক্ষেত্রে টোটাল T3-র নরমাল লেভেল হল,
125 – 250 ন্যানোগ্রাম/ডেসিলিটার।
শিশু ও পূর্ণবয়স্ক উভয়ের ক্ষেত্রে ফ্রি T3-র নরমাল লেভেল হল,
0.2 – 0.5 ন্যানোগ্রাম/ডেসিলিটার।
বয়সও লিঙ্গ অনুসারে এবং শারীরিক অবস্থার উপর T3-র মাত্রা পরিবর্তনশীল। গর্ভবতী মায়েদের শরীরে T3-র মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে, যা একদমই নরমাল।
T3 পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা: What do abnormal T3 test result mean?
থাইরয়েড গ্রন্থির কার্যকলাপ বেশ জটিল, সেকারণে কেবলমাত্র T3 পরীক্ষার ফলাফল দেখে কোনও নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তবে T3 পরীক্ষার ফলাফল দেখে থাইরয়েড গ্রন্থির স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা অবশ্যই পাওয়া যায়। সঠিক ধারণার জন্য T3, T4 এবং TSH—তিনটি টেস্ট একসাথে করা প্রয়োজন।
T3 এর মাত্রা বেশি হলে, এটি গ্রেভস ডিজিজ, থাইরয়েড গ্রন্থির অতি-সক্রিয়তা, টক্সিক নডুলার গায়টার বা লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। খুব বিরল ক্ষেত্রে এটি থাইরয়েড ক্যান্সারের কারণেও হতে পারে। রক্তে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পেলেও T3-র মাত্রা বেশি হয়।
T3 এর মাত্রা কম হলে, এটি হাইপোথাইরয়েডিজম, তীব্র অপুষ্টি, দীর্ঘদিন অনাহারে থাকা বা শরীরে অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগের লক্ষণ হতে পারে।
