রোগ ও ব্যাধি Health Conditionল্যাব টেস্ট Lab Test

কৃমি হওয়ার প্রাথমিক লক্ষণ ও প্রতিকার। কৃমি থেকে বাঁচার উপায়। Early Signs of a Worm Infection and how to Treat it.

কৃমি হচ্ছে এক ধরনের পরজীবী প্রাণী যা মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে বসবাস করে। কৃমি পোষক প্রাণীর দেহ থেকেই খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকে। এই পরজীবী কৃমিরা সকল সময়েই ক্ষতিকারক।

বিভিন্ন ধরনের কৃমি আছে এবং শরীরের বিভিন্ন স্থানে বসবাস করে। এই প্রতিবেদনে কেবলমাত্র মানুষের পৌষ্টিকতন্ত্রের বসবাসকারী কৃমি নিয়ে আলোচনা করা হবে। পেটে কৃমি আছে কিনা কিভাবে বুঝবেন এবং কিভাবে কৃমির হাত থেকে রক্ষা পাবেন সেটা জানতে প্রতিবেদনটি পড়তে থাকুন।

মানুষের পেটের মধ্যে যে সকল কৃমি বসবাস করে সেগুলি হল-

চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, পিন ওয়ান বা কুচো কৃমি এবং হুক ওয়ার্ম ইত্যাদি।

আমাদের পৌষ্টিকতন্ত্র অর্থাৎ পেটে বিভিন্ন ধরনের কৃমি থাকতে পারে। কোন ধরনের কৃমি পেটে বসবাস করছে, তার উপর রোগ লক্ষণ নির্ভর করে। আবার বিভিন্ন ব্যক্তির দেহে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ, প্রায় সব ক্ষেত্রেই দেখা যায়। লক্ষণ গুলি হল-

পেটে কৃমি থাকলে হজমে সমস্যা হতে পারে, এসিডিটি, বদ হজম ইত্যাদিও হতে পারে। এমনকি পেট ফুলে যেতে পারে।

পেটে কৃমি বসবাস করলে হজমের সমস্যা হয় ও শরীর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। এছাড়া কোনও কোনও কৃমি আমাদের পৌষ্টিকতন্ত্রে চোষকের সাহায্যে রক্ত চুষে খায়। এর ফলে অ্যানিমিয়া হয় ও শরীর ক্লান্ত হয়ে পড়ে।

পেটে কৃমি থাকলে পেট ব্যথা হতে পারে। কিছু কৃমি আছে যা পৌষ্টিকতন্ত্রে ছিদ্র সৃষ্টি করে ভয়ানক বিপদ সৃষ্টি করতে পারে।

পেটে কৃমি বসবাস করলে পৌষ্টিকনালীতে বাধার সৃষ্টি হতে পারে। এর ফলে পৌষ্টিকতন্ত্রের স্বাভাবিক চলন বিঘ্নিত হয় ও বমি বমি ভাব দেখা যায়। অনেক সময় বমির সাথে কৃমি নির্গত হতে পারে।

কোনও কারণ ছাড়া ওজন কমে যাওয়া কৃমির সংক্রমণের লক্ষণ হতে পারে। দীর্ঘদিন ধরে কৃমির সমস্যায় ভুগলে পুষ্টির অভাব ঘটে, পেটের মধ্যে রক্তক্ষরণ ঘটতে পারে এবং দেহের ওজন কমে যায়।

পেটে অত্যধিক কৃমির আক্রমণ হলে পাতলা পায়খানা বা ডাইরিয়া হতে পারে। পেটে কৃমির আক্রমণের কারণে আন্ত্রিক অর্থাৎ রক্তযুক্ত, শ্লাষ্মাযুক্ত পায়খানা হতে পারে।

পেটে কৃমি হলে, বিশেষ করে কুচো কৃমি হলে পায়ুদার চুলকায় এবং শরীরে এলার্জি বা র‍্যাশ বেরোয়।

বিভিন্ন ধরনের কৃমি বিভিন্নভাবে আমাদের শরীরে প্রবেশ করে। প্রধানত খাদ্যের মাধ্যমে পিন ওয়ার্ম বা কুচোকৃমি আমাদের দেহে প্রবেশ করে। যে ব্যক্তির পেটে কুচো কৃমি আছে, সেই ব্যক্তি ঘুমিয়ে পড়লে রাত্রিবেলা কৃমি পায়ুদ্বার দিয়ে বাইরে এসে পায়ুদ্বার সংলগ্ন ত্বকে ডিম পাড়ে। এই ডিম বিছানা, পোশাক ইত্যাদির মধ্যে থেকে যায়। কোন প্রকারে এই ডিম মুখে প্রবেশ করলে, পেটের মধ্যে কৃমি নির্গত হয়ে বসবাস করতে শুরু করে।

অ্যাসকারিস জাতীয় বড় গোল কৃমির ডিম শরীরে প্রবেশ করে খাদ্য ও পানীয়র মাধ্যমে। যে ব্যক্তির দেহে অ্যাসকারিস নামক গোল কৃমি আছে, সেই ব্যক্তি মাঠে-ঘাটে মলত্যাগ করলে মলের মধ্যে থাকা ডিম মাঠের ফসলের সাথে, ধুলোকণার সাথে বাড়িতে পৌঁছায়। কোনভাবে এই কৃমির ডিম মুখের মাধ্যমে পেটে পৌঁছালে, পেটের মধ্যে কৃমি নির্গত হয়ে বসবাস করতে শুরু করে।

হুকওয়ার্ম এর আক্রমণ হয় খালি পায়ে মাঠের মধ্যে হাঁটলে। মলের মাধ্যমে হুকওয়ার্মের ডিম মাটিতে মেশে এবং ডিম ফুটে লার্ভা নির্গত হয়। এই লার্ভা পায়ের ত্বকে ছিদ্র করে আমাদের দেহে প্রবেশ করে।

গরু বা শুকরের মাংসের মধ্যে ফিতা কৃমির লার্ভা থাকতে পারে। এই ফিতা কৃমির লার্ভাযুক্ত মাংস অল্প সিদ্ধ অবস্থায় খেলে আমাদের পেটে ফিতা কৃমি প্রবেশ করে বসবাস করতে শুরু করে।

লিভার ফ্লুক বা চ্যাপ্টা কৃমি আমাদের লিভারকে আক্রমণ করে। অশুদ্ধ পানীয় জলের মাধ্যমে বা জলজ সবজি কাঁচা খাওয়ার সময় আমাদের দেহে চ্যাপ্টা কৃমি প্রবেশ করতে পারে। এরা পিত্তোনালী ও লিভারের মধ্যে বসবাস করে।

পেটে কৃমি থাকার কোন লক্ষণ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার চিকিৎসক দেহে কৃমি আছে কিনা জানার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা করতে দিতে পারেন। সাধারণত মলের রুটিন টেস্ট করতে দেওয়া হয়। মল পরীক্ষা করে পেটে পরজীবী বসবাস করছে কিনা সেটা খুব সহজে জানা যায়।

এছাড়া রক্তের কিছু পরীক্ষা করলেও দেহে প্যারাসাইট বা পরজীবি উপস্থিতি আছে কিনা সেটা বোঝা যায়। পেটে কুচো কৃমির আক্রমণ শনাক্ত করতে স্কচ টেপ টেস্ট করা যেতে পারে। দেহে পরজীবীর আক্রমণ শক্ত করার জন্য রক্তে বিশেষ ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়েছে কিনা সেটা রক্ত পরীক্ষা করে দেখা যেতে পারে।

এছাড়া কৃমির আক্রমণে কোনো অঙ্গের ক্ষতি হয়েছে কিনা জানার জন্য এক্স-রে, সিটি স্ক্যান, এম আর আই ইত্যাদিও করা হয়। কলোনোস্কোপির সাহায্যে অন্ত্রের মধ্যে কি ধরনের কৃমি আছে এবং অন্ত্রের কতটা ক্ষতি করেছে সেটা দেখা যায়।

পেটে কৃমি হলে আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি। কিন্তু কৃমির হাত থেকে রক্ষা পাওয়া তেমন জটিল বিষয় নয়। বেশ কিছু ক্ষেত্রে তেমন কোনও চিকিৎসার প্রয়োজন পড়ে না। আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কৃমির হাত থেকে আমাদের বাঁচাতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে কৃমি বা পরজীবীর হাত থেকে রক্ষা পেতে অ্যান্টি প্যারাসাইটিক বা পরজীবী ধ্বংসকারী ওষুধ খাওয়ার প্রয়োজন হয়।

দেহে কৃমির সংক্রমণ থাকলে কিছু বিপদজনক লক্ষণ দেখা যেতে পারে, যেমন বমি, উচ্চ মাত্রায় জ্বর, ভীষণ ক্লান্তি, ডিহাইড্রেশন, মলের মধ্যে রক্ত ইত্যাদি। এই লক্ষণ গুলি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাওয়া প্রয়োজন।

পেটে কী ধরনের কৃমি আছে তার ওপর চিকিৎসা নির্ভর করে। ফিতা কৃমি দূর করতে প্রাজিকুয়ানটেল নামক ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ ব্যবহার করলে ফিতা কৃমি রক্ত চুষতে না পেরে মারা যায় ও ফিতাকৃমির দেহ মলের মধ্যে মিশে বাইরে নির্গত হয়।

কুচো কৃমি বা গোল কৃমি দূর করতে মেবেনডাজোল, অ্যালবেনডাজোল ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়। প্রথমবার ওষুধ সেবন করার 14 দিন পর আবার সেবন করা উচিত। এর ফলে কৃমি নিশ্চিতভাবে দূর হয়।

লিভার ফ্লুকের ইনফেকশন দূর করতে ট্রাইক্লেবেনডাজোল নামক ওষুধ ব্যবহার করা হয়।

কৃমির আক্রমণের হাত থেকে সম্পূর্ণরূপে বাঁচা প্রায় অসম্ভব। তা সত্ত্বেও বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করলে শরীরে কৃমির আক্রমণ অনেকটা আঁটকানো সম্ভব।

সব থেকে প্রথমে খেয়াল রাখতে হবে সাধারণ স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যকর জীবনযাত্রা কৃমির হাত থেকে বাঁচতে সাহায্য করে। সাবান দিয়ে হত ধোয়া খুব গুরুত্বপূর্ণ। টয়লেট ব্যবহার করার আগে ও পরে, খাবার আগে, রান্না করার আগে বা খাদ্য পরিবেশন করার আগে, সাবান দিয়ে হাত ধোয়া আবশ্যক।

এছাড়া আরও কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। কাঁচা মাছ বা মাংস খাওয়া চলবে না, কারণ বেশ কিছু কৃমির লার্ভা কাঁচা মাছ মাংসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে। মাংস অবশ্যই উচ্চ তাপমাত্রায় রান্না করতে হবে। প্রেসার কুকারে রান্না করা সব থেকে নিরাপদ। সবজি ও মাছ মাংস কাটার জন্য আলাদা আলাদা ছুরি ব্যবহার করুন। রান্নার আগে সবজি খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। কাঁচা সবজি ও ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন।

খোলা মাঠে সৌচ করবেন না বা কাউকে সৌচ করতে দেবেন না। অবশ্যই শৌচালয় ব্যবহার করুন। মাঠে খালি পায়ে হাঁটবেন না। বারেবারে মুখে ও নাকে হাত দেবেন না।

Cleveland Clinic, Mayo Clinic, National Institute of Health etc.