ত্বকের জন্য সরষের তেল: উপকারিতা ও ব্যবহারের নিয়ম। Mustard Oil for Skin: Benefits and How to Apply It?
আমরা সাধারণত রান্নার জন্য সরষের তেল ব্যবহার করি। কালো সরষে ও সাদা সরষে থেকে কোল্ড প্রেস পদ্ধতিতে অর্থাৎ পেশাই করে সরষের তেল তৈরি করা হয়। এছাড়া আর এক ধরনের সরষের তেল আমরা ব্যবহার করি, যাকে সরষের এসেন্সিয়াল অয়েল বলে। এক্ষেত্রে সরষে বীজ পিষে জলের সাথে মিশিয়ে এবং তারপর পাতন পদ্ধতিতে তেল নিষ্কাশন করা হয়।
এই প্রতিবেদনে ত্বকের স্বাস্থ্য রক্ষায় সরষের তেলের ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ত্বকের জন্য সরষের তেল কেন উপকারী? Why is mustard oil beneficial for the skin?
সরষের তেল প্রাকৃতিক-ভাবে একটু ঝাঁঝালো ও কড়া গন্ধযুক্ত। সরষের তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড থাকে, যা ত্বকে পুষ্টি যোগায় ও ত্বক কোমল রাখতে সাহায্য করে। এই তেলের মধ্যে আছে ভিটামিন E যা ত্বকের স্বাস্থ্য রক্ষার জন্য সুপরিচিত। এই তেলের একটি স্বাভাবিক উষ্ণতা প্রদানকারী গুন আছে। তাই শীতের সময় সরষের তেল মাখলে আরাম অনুভূত হয়। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষায় সরষের তেলের ভূমিকা উল্লেখযোগ্য। সঠিক অনুপাতে অন্য কোন তেলের সাথে সরষের তেল মিশিয়ে ব্যবহার করলে এটি ম্যাসেজ কে আরও আরামদায়ক করে তোলে এবং শুষ্ক ত্বক কোমল করে।
ত্বক আর্দ্র রাখে: Keeps the skin hydrated:
ত্বকের যত্ন নিতে সরষের তেলের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর প্রাকৃতিক আর্দ্রতা প্রদানকারী ক্ষমতা। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফ্যাটি এসিড যা ত্বককে শক্তিশালী করতে ও ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। এছাড়া ত্বকের খসখসে ভাব ও চুলকানি দূর করতে সরষের তেল খুব উপকারী।
অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণসম্পন্ন: Possessing antimicrobial and antifungal properties:
ত্বকের যত্ন নিতে সরষের তেল ব্যবহার করা বেশ ভালো, কারণ এতে এন্টিমাইক্রোবিয়াল ও এন্টিফাঙ্গাল গুণাবলী বর্তমান। গবেষণায় দেখা গিয়েছে যে সরষের তেলে থাকা কিছু উপাদান বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকের বংশবৃদ্ধি রোধ করতে সক্ষম। এই অণুজীবগুলি ত্বকে ব্রণ, অ্যাথলেটস ফুট এবং দাদের মত বিভিন্ন সংক্রমণের সৃষ্টি করতে পারে। সরষের তেল এই অণুজীবগুলির বৃদ্ধি রোধ করে সংক্রমণ প্রতিরোধ করতে ও সংক্রমণের তীব্রতা কমাতে সাহায্য করে।
কালো দাগ দূর করে: Removes dark spots:
আমাদের ত্বকে সরষের তেল মালিশের একটি বিশেষ উপকারিতা আছে। নিয়মিত সরষের তেল মালিশ করলে কালো দাগ, সান ট্যান, ত্বকের পিগমেন্টেশন ইত্যাদি উল্লেখযোগ্য-ভাবে কমে যায়। সরষের তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এই তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন E থাকার কারণে, সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট আলো থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের মধ্যে খুব অল্প পরিমাণ তেল মালিশ করে নিলে, এটি সানস্ক্রিন হিসেবে কাজ করতে পারে।
ব্রণ দূর করে: Removes acne:
সরষের তেলের অন্যতম উপকারিতা হল, উচ্চমাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি এসিডের উপস্থিতি। এই কারণে সরষের তেলকে ব্রণর অন্যতম সেরা প্রতিকার হিসাবে বিবেচনা করা হয়। সর্ষের তেলে প্রদাহ-বিরোধী ও ব্যাকটেরিয়া বিরোধী গুণ থাকায় ব্রণ দূর করতে বেশ উপকারী। একই কারণে সরষের তেল ত্বকের ছোটখাটো ফুসকুড়ি, পোকামাকড়ের কামড় ও অন্যান্য ত্বকের সংক্রমণের বিরুদ্ধে খুব কার্যকরী বলে মনে করা হয়।
প্রাকৃতিক ক্লিনজার: Natural cleanser:
সরষের তেল প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করতে পারে। এই তেল ঘামের গ্রন্থিকে উদ্দীপিত করে এবং ত্বকের ছিদ্র খুলতে সাহায্য করে। তাই ত্বকে সর্ষের তেল মালিশ করলে শরীর থেকে বিষাক্ত পদার্থ, অবাঞ্ছিত লবণ এবং জল দূর হয়। পাশাপাশি শরীরের তাপমাত্রাও স্বাভাবিক থাকে। হাতের তালুতে অল্প পরিমাণ তেল নিয়ে মুখে মালিশ করলে, শরীরে উৎপন্ন তাপের কারণে উৎসেচক গুলি সক্রিয় হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় ত্বক দ্রুত ও সহজে পরিষ্কার হয়ে যায়। নিঃসন্দেহে এটি সরষের তেলের অন্যতম সেরা উপকারিতা।
ত্বকের বার্ধক্য রোধ করে: Prevents skin aging:
ত্বকের বার্ধক্য রোধ করতে সরষের তেল বিশেষভাবে উপকারী। সরষের তেলে উচ্চ মাত্রায় ভিটামিন E উপস্থিত থাকে। এই ভিটামিন E ফ্রি রাডিক্যাল প্রতিরোধ করে, ফলে ত্বকের বলিরেখা ও বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস পায়। ত্বক টান টান করার জন্য সরষের তেল ব্যবহার করা যেতে পারে। ত্বক ঝুলে যাওয়া, আলগা হয়ে যাওয়া ইত্যাদি কমাতে ত্বকে সর্ষের তেল মালিশ করতে হবে।
চুলের বৃদ্ধিতে সহায়ক: Helps with hair growth:
চুল পড়া, চুল লম্বায় বড় না হওয়া ইত্যাদি এখন নিত্যদিনের সমস্যা। নিয়মিত সরষের তেল দিয়ে মাথার ত্বক ম্যাসেজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এটি মাথার ত্বকে পুষ্টি যোগায় ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সরষের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন আছে, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। চুলের বৃদ্ধির জন্য সরষের তেল ব্যবহারের আরেকটি কারণ হল, সরষের তেল সেলেনিয়াম নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই সেলিনিয়াম চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সর্ষের তেল ব্যবহারের নিয়ম: Guidelines for using mustard oil:
সরষের তেল আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, ব্যবহার করার ক্ষেত্রে কিছু জটিলতার সম্মুখীন হতে হয়। চ্যাটচেটে হওয়ার কারণে সর্ষের তেল মাখার পর আমাদের অস্বস্তি হতে পারে, ত্বকের মধ্যে ধুলোবালি, ময়লা ইত্যাদি বেশি জমতে পারে। একারণে সরষের তেল ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রতিদিনের ব্যবহারের জন্য সরষের তেল ব্যবহার করলে খুব অল্প পরিমাণে তেল ম্যাসেজ করতে হবে। তেল মাখার পর স্নান করলে অতিরিক্ত তেল ধুয়ে যাবে, ফলে ত্বকে চ্যাটচেটে ভাব থাকবে না।
ত্বকের বার্ধক্য দূর করতে, একটি পাত্রে তিলের তেলের সাথে সরষের তেল মিশিয়ে ব্যবহার করতে হবে। ত্বকে বৃত্তাকার গতিতে এই তেল মালিশ করুন। এবার হালকা গরম জলে ভেজানো ও জল ঝরানো তোয়ালে দিয়ে ত্বকে সেক নিন। কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর নরম কাপড় বা তুলে দিয়ে অতিরিক্ত তেল মুছে ফেলুন।
মুখের ত্বক উজ্জ্বল করতে সরষের তেল ব্যবহার করতে হলে, দুই টেবিল চামচ বেসনের গুড়োর সাথে এক চামচ সরষের তেল নিন। অল্প একটু গোলাপ জল মেশান। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আপনার মুখে লাগান। 20 থেকে 25 মিনিট পর ধুয়ে ফেলুন।
চুলের স্বাস্থ্য রক্ষা করতে মাথার ত্বক ও চুলে সরষের তেল ম্যাসেজ করতে হবে। আঙুলের ডগায় তেল নিয়ে চুলের গোড়ায় মালিশ করতে হবে। এক থেকে দুই ঘণ্টা অপেক্ষা করার পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
শীতে ত্বকের যত্ন নিতে হাতে তুলে নিন সরষের তেলের বাটি। স্নানের আধঘণ্টা আগে সারা গায়ে ভালো করে তেল ম্যাসেজ করুন। এরপর ভালোভাবে স্নান করে নিন, প্রয়োজনে সাবান ব্যবহার করতে পারেন। দেখবেন দিনে দিনে ত্বকের উজ্জ্বলতা বাড়ছে। পাশাপাশি ত্বক থাকবে তরতাজা। কোথাও যাওয়ার আগে এক দুই ফোঁটা সর্ষের তেল মুখে মেখে নিন, তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। একদম ফেসিয়ালের মত কাজ করবে।
তথ্যসূত্র:
