Healthy Lifestyle স্বাস্থ্যকর জীবনযাত্রাখাদ্য ও পানীয় Food & Drinksরূপ চর্চা Beauty Tips

ভিটামিন কে: রক্ত জমাট বাধা ও হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ | Health Benefits and Source of Vitamin K 

আমাদের শরীর সুস্থ রাখতে ভিটামিন ও খনিজ উপাদানের ভূমিকা অপরিসীম। প্রতিটি ভিটামিন ও খনিজ উপাদান আমাদের দেহে নির্দিষ্ট ভূমিকা পালন করে। এদের মধ্যে ভিটামিন K অত্যন্ত জরুরি, কারণ এটি ছাড়া আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না। এছাড়া হাড়ের স্বাস্থ্য ও শরীরের বিভিন্ন জৈবিক কাজে ভিটামিন K প্রয়োজন হয়। এই প্রতিবেদনে ভিটামিন K সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিভাবে দেহে ভিটামিন K এর অভাব দূর করা যায় সেটাও নিয়েও আলোচনা করা হয়েছে।

ভিটামিন K হল ভিটামিনের একটি গ্রুপ বা পরিবার। খাদ্য থেকে পাওয়া ভিটামিন K এর প্রধান রূপ গুলির মধ্যে রয়েছে ভিটামিন K 1 এবং ভিটামিন K 2।

সাধারণত সবুজ শাকসবজি থেকে ভিটামিন K 1 বা ফিলোকুইনোন পাওয়া যায়। প্রাণিজ খাদ্যবস্তু থেকে এবং ফার্মেন্টেড প্রক্রিয়ায় তৈরি খাবার থেকে ভিটামিন কে K 2 বা মেনাকুইনোন পাওয়া যায়। এছাড়া আমাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াও এই ভিটামিন তৈরি করতে পারে। তবে খাদ্য থেকে শরীর কতটা ভিটামিন K গ্রহণ ও ব্যবহার করতে পারছে, সেটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিটামিন K চর্বি অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় একটি ভিটামিন। তাই অতিরিক্ত পরিমাণে ভিটামিন K গ্রহণ করলে তা লিভার ও দেহের অন্যান্য টিস্যুতে জমা থাকে।

ভিটামিন K অত্যন্ত জরুরি একটি ভিটামিন। ভিটামিন K ছাড়া শরীরে রক্ত জমাট বাঁধতে পারে না। কেবল এই একটি কারণেই বলা যায় যে, বেঁচে থাকার জন্য ভিটামিন K অপরিহার্য। এছাড়া এই ভিটামিন এমন কিছু প্রোটিনকে সক্রিয় করে তোলে, যা হাড়কে শক্তিশালী করে এবং ধমনীর স্বাস্থ্য রক্ষা করে। ভিটামিন K এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হল-

হার্টের স্বাস্থ্য রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে ভিটামিন K। রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়া রোধ করতে সাহায্য করে এমন কিছু প্রোটিনকে সক্রিয় করার জন্য দেহে ভিটামিন K এর প্রয়োজন হয়। ধমনীতে ক্যালসিয়াম জমা হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। এই রোগে ধমনীতে জমে থাকা চর্বিগুলি শক্ত হয়ে যায়। অ্যাথেরোস্ক্লেরোসিস হল হৃদরোগের অন্যতম প্রধান কারণ। ভিটামিন K ধমনীতে ক্যালসিয়াম জমতে বাধা দেয় ও ধমনীর নমনীয়তা বাড়াতে সাহায্য করে। ফলে হার্টের রোগের সম্ভাবনা কমে।

হাড় গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন K। গবেষণায় দেখা গিয়েছে যে, ভিটামিন K এবং ক্যালসিয়াম একসাথে গ্রহণ করলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়। এমনকি হাড় ভেঙে যাওয়ার প্রবণতাও কমে। তবে এবিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে।

ভিটামিন K রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনে প্রোটিন তৈরি করতে সাহায্য করে। অ্যান্টিকুয়াগুলেন্ট অর্থাৎ রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের হঠাৎ করে জরুরি অস্ত্রপ্রচার করা সম্ভব হয় না। কারণ এক্ষেত্রে অতিরিক্ত রক্তপাত হতে পারে। ভিটামিন K থেরাপির সাহায্যে অ্যান্টিকুয়াগুলেন্ট অর্থাৎ রক্তপাতলাকারী ওষুধের প্রভাব নষ্ট করা যায়। এবার অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তপাতের ভয় থাকে না।

ইনসুলিন হল এমন একটি হরমোন, যা রক্তের সুগারকে দেহের কোষের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে। কোষগুলি এই শর্করা থেকে শক্তি উৎপাদন করে বা ভবিষ্যতের জন্য জমা করে রাখে। ভিটামিন K অস্টিওক্যালসিন নামক এক ধরণের প্রোটিনের সাহায্যে ইনসুলিন নি:সরণে উদ্দীপনা যোগায়। একারণে যারা ভিটামিন K সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

সুস্থ মানুষের মধ্যে গুরুতর ভিটামিন K এর ঘাটতি তেমন বেশি দেখা যায় না। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ঝুঁকি বাড়তে পারে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন K গ্রহণ না করলে বা পৌষ্টিকতন্ত্রে ভিটামিন K ঠিকমতো শোষিত না হলে, দেহে ভিটামিন K এর ঘাটতি হতে পারে। কিছু ওষুধ পৌষ্টিকতন্ত্রে ভিটামিন K এর শোষণে বাধা দেয়।

অধিকাংশ মানুষ তাদের খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন K পেয়ে থাকেন। এছাড়া আমাদের পৌষ্টিকতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া, ভিটামিন K তৈরি করতে পারে। নবজাতকদের ক্ষেত্রে অনেক সময় ভিটামিন K এর অভাব দেখা যায়। একারণে অনেক দেশে জন্মের পর নবজাতকদের ভিটামিন K দেওয়ার প্রচলন রয়েছে।

পৌষ্টিকতন্ত্রে চর্বি বা তেল জাতীয় পদার্থ হজমে কোন সমস্যা থাকলে দেহে ভিটামিন K এর অভাব হওয়ার ঝুঁকি থাকে। চর্বি হজমে সমস্যা হলে যে সকল রোগ লক্ষণ দেখা যায় সেগুলি হল- ঘন ঘন পাতলা পায়খানা, হালকা রঙের মল, ওজন কমে যাওয়া ইত্যাদি। এছাড়া দেহে ভিটামিন K এর অভাব হলে রক্ত জমাট বাধার সমস্যা দেখা দিতে পারে। ফলে সহজে কালশিটে পড়া, নাক বা মারি থেকে রক্তপাত, সামান্য আঘাতে দীর্ঘ সময় ধরে রক্তপাত ইত্যাদি লক্ষণ দেখা যায়। যেহেতু ভিটামিন C এর অভাবেও একই রকম রোগ লক্ষণ দেখা যায়, তাই চিকিৎসকের পরামর্শ মেনে ভিটামিন K পরীক্ষা করে, তারপর ভিটামিন K সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

এই ভিটামিনের অন্যতম ভালো উৎস হলো সবুজ পাতাযুক্ত শাকসবজি; যেমন পালং শাক, ব্রকোলি, সরষে শাক ইত্যাদি। এছাড়া যে কোনো সবুজ শাক, বাঁধাকপি, লেটুস ইত্যাদিতেও পর্যাপ্ত পরিমাণ ভিটামিন K পাওয়া যায়। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি খাবার যেমন পনিরের মধ্যে ভিটামিন K পাওয়া যায়। এছাড়া মাংস, ডিম ও উদ্ভিজ্জ তেলের মধ্যে ভিটামিন K পাওয়া যায়।

খাদ্য তালিকায় ভিটামিন K যুক্ত শাকসবজি যোগ করলে ভিটামিন K এর অভাব দূর করা যায়। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাক ও অন্যান্য সবুজ সবজি গ্রহণ করতে হবে। একই খাবার প্রতিদিন না খেয়ে, বিভিন্ন রঙের শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করা দরকার।

এই ভিটামিন K চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাই শাকসবজির সঙ্গে অল্প পরিমাণ স্বাস্থ্যকর তেল ব্যবহার করলে খাদ্য থেকে ভিটামিন K সহজে শোষিত হয়। তবে অতিরিক্ত তেল ব্যবহার করা উচিত নয়। রান্নার পদ্ধতিও স্বাস্থ্যকর হওয়া দরকার।

দেহে ভিটামিন K এর গুরুতর অভাব থাকলে ভিটামিন K সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। প্রয়োজনে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন D ও ভিটামিন K একসাথে গ্রহণ করা যেতে পারে। নবজাতকদের দেহে ভিটামিন K এর অভাব থাকলে সাধারণত চিকিৎসকেরা ভিটামিন K ইনজেকশন দেওয়ার কথা বলেন। অনেক সময় নবজাতকদের ইনজেকশনের বদলে ভিটামিন K ড্রপ দেওয়া হয়। এর ফলে শিশুটি ভিটামিন K এর অভাবজনিত রক্ত ক্ষরণের সমস্যা থেকে রক্ষা পায়।

Medical News Today, Healthline, PharmEasy, etc.